রবিবার , ১১ অক্টোবর ২০২৬
রবিবার , ১১ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › মহালয়ায় মানুষের মন থেকে অশুভ চিন্তা দূর করার আহ্বান ভারতীয় হাইকমিশনারের

মহালয়ায় মানুষের মন থেকে অশুভ চিন্তা দূর করার আহ্বান ভারতীয় হাইকমিশনারের

favicon
ভোরের আলো ডেস্ক:
মহালয়ায় মানুষের মন থেকে অশুভ চিন্তা দূর করার আহ্বান ভারতীয় হাইকমিশনারের

শুভ মহালয়া ও দেবীপক্ষের সূচনালগ্নে মানুষের চিন্তা ও মন থেকে অশুভ প্রবণতা দূর করে শুভবোধ জাগ্রত করার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, মানুষের মনে বিদ্বেষ, বিভেদ ও নেতিবাচক চিন্তার পরিবর্তে সম্প্রীতি, সৌহার্দ্য ও কল্যাণবোধের বিকাশ ঘটানোই মহালয়ার অন্যতম শিক্ষা।


শনিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়া উপলক্ষে আয়োজিত বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।


অনুষ্ঠানে দীনেশ ত্রিবেদী বলেন, মহালয়া শুধু দেবীপক্ষের সূচনা কিংবা মর্ত্যে দেবী দুর্গার আগমনের বার্তা নয়; এটি আত্মশুদ্ধি এবং অন্তরের কলুষতা দূর করারও বিশেষ উপলক্ষ। মানুষের চিন্তা ও আচরণ থেকে অশুভ প্রবণতা দূর করে ইতিবাচক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্বও তুলে ধরেন তিনি।


এ সময় প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও কৃতজ্ঞতা প্রকাশের ধর্মীয় তাৎপর্য তুলে ধরেন ভারতীয় হাইকমিশনার।


সমগ্র মানবজাতিকে একটি অভিন্ন পরিবারের অংশ হিসেবে উল্লেখ করে তিনি দেবী দুর্গার কাছে বিশ্বশান্তি, পারস্পরিক সৌহার্দ্য ও সবার সার্বিক মঙ্গল কামনা করেন। সমাজ থেকে অন্যায়, অবিচার ও সংকীর্ণতা দূর হয়ে মানুষের মধ্যে সম্প্রীতি বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


অনুষ্ঠানের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিল্পীদের পরিবেশিত সংগীত ও চণ্ডীপাঠের প্রশংসা করেন দীনেশ ত্রিবেদী। শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, কলকাতায় ছোটবেলা থেকেই ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গম্ভীর কণ্ঠে মহালয়া ও চণ্ডীপাঠ শোনার স্মৃতি তাঁর কাছে আজও অমলিন।


অনুষ্ঠানের আয়োজন ও আগমনী সংগীতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিনন্দন জানিয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সবার জীবনে আনন্দ, শান্তি ও সুখ কামনা করেন তিনি।