সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, আইএসপিআরের সতর্কবার্তা
বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে তথ্য যাচাইয়ের ক্ষেত্রে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য সূত্র অনুসরণ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
শনিবার (১০ অক্টোবর) আইএসপিআরের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ সতর্কবার্তা দেওয়া হয়।
বার্তায় বলা হয়, সম্প্রতি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে। এসব তথ্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে প্রতীয়মান হয়।
এ ধরনের অপপ্রচারে প্রভাবিত না হওয়ার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে আইএসপিআর। একই সঙ্গে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে কোনো তথ্য পাওয়ার ক্ষেত্রে নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক সূত্রের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বার্তায় আরও বলা হয়, সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারত্বের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় ঐক্যবদ্ধ রয়েছে। দেশ ও জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালনে সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য যাচাই না করে প্রচার না করার মাধ্যমে বিভ্রান্তি এড়ানোর ওপরও গুরুত্বারোপ করেছে সংস্থাটি।