রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আটক চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার (১১ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনাটিতে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে দায়ের করা একটি মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা হলেন আ ন ম আয়াস, মো. সাকিবুল হাসান, মো. সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমি।
এর আগে গত শনিবার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে যান রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠনের কয়েকজন সদস্য। তাঁদের মধ্যে সংগঠনটির সদস্যসচিব এ এন এম আয়াসও ছিলেন।
এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।