সৌদিতে হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনার উদ্যোগ নিয়েছে সরকার। একই ঘটনায় আহত আরও চারজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১১ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, আহত বাংলাদেশিদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখতে বাংলাদেশ দূতাবাসকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক ও নিরাপদে থাকার অনুরোধ জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিমান চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে অবিলম্বে সংঘাত বন্ধ এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সরকার।