শিক্ষার্থীদের সমান সুযোগ নিশ্চিত করতে হবে: শিক্ষামন্ত্রী
দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং বৈষম্য দূর করতে সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
রোববার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর একটি হোটেলে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ সম্প্রসারণবিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
শিক্ষাব্যবস্থার বিভিন্ন দুর্বলতার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ইংরেজি মাধ্যমের শিক্ষাক্রমে দেশীয় সংস্কৃতি, ইতিহাস, ধর্ম ও সামাজিক মূল্যবোধের চর্চা আরও জোরদার করা প্রয়োজন।
তিনি শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যমান বৈষম্য দূর করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় দেশের সব শিক্ষাক্রমের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে একটি কমিটি গঠনের নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি।