সাবেক দুই সেনা কর্মকর্তার চার দিনের রিমান্ড মঞ্জুর
রাজধানীর পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁরা হলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ কুমার বড়ুয়া ও লেফটেন্যান্ট (অব.) গুলশান আরা।
সোমবার (১২ অক্টোবর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে দেবাশীষ কুমার বড়ুয়া ও গুলশান আরাকে আদালতে হাজির করা হয়। শুনানির জন্য তাঁদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে এজলাসে নেওয়া হয়।
সোমবার সকালে রাজধানীতে অভিযান চালিয়ে সাবেক এই দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের কথা জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
মামলাটির তদন্তের স্বার্থে তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।