বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ড. ইউনূসকে হয়রানির নিন্দা জানিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের ১২ উপদেষ্টার বিবৃতি

ড. ইউনূসকে হয়রানির নিন্দা জানিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের ১২ উপদেষ্টার বিবৃতি

favicon
ভোরের আলো ডেস্ক:
ড. ইউনূসকে হয়রানির নিন্দা জানিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের ১২ উপদেষ্টার বিবৃতি

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হয়রানি, অনলাইনে অপপ্রচার এবং শারীরিক হুমকি দেওয়ার অভিযোগে তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক সরকারের ১২ উপদেষ্টা। এসব ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার (১৩ অক্টোবর) তাঁরা যৌথ বিবৃতি দিয়েছেন।


বিবৃতিতে সাবেক উপদেষ্টারা বলেন, চরম সংকটের মুখে থাকা রাষ্ট্রকে পুনর্গঠনে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। দীর্ঘদিনের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা এবং মানবাধিকার লঙ্ঘনের ক্ষতি কাটিয়ে ওঠার পাশাপাশি বিগত শাসনামলে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনার অবসান ঘটানোর উদ্যোগ নেওয়া হয়েছিল বলে তাঁরা উল্লেখ করেন।


বিবৃতিতে আরও বলা হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার দায়িত্বশীলভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। তবে ক্ষমতা হস্তান্তরের পরও অধ্যাপক ইউনূসকে লক্ষ্য করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং শারীরিক হুমকি দেওয়ার ঘটনা ঘটছে বলে দাবি করেন সাবেক উপদেষ্টারা।


তাঁদের মতে, এ ধরনের কর্মকাণ্ড অন্তর্বর্তী সরকারের অর্জন ও জনসমর্থন ক্ষুণ্ন করার পাশাপাশি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ঝুঁকি তৈরি করছে। তাঁরা এসব ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।


বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ভয়ভীতি প্রদর্শন, অপপ্রচার কিংবা ব্যক্তিগত হুমকির মাধ্যমে জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থান এবং তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত সংস্কার ও মর্যাদার আকাঙ্ক্ষাকে নস্যাৎ করা যাবে না।


যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, ড. এম. ফাওজুল কবির খান, শিক্ষাবিদ সি আর আবরার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আদিলুর রহমান খান, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), ব্রিগেডিয়ার জেনারেল ড. সাখাওয়াত হোসেন (অব.), ফারুক ই আজম বীর প্রতীক, উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার, সমাজবিজ্ঞানী শারমীন সোনিয়া মুরশিদ, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান।


উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে সোমবার কয়েকজন ব্যক্তি অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টা করেন বলে খবর প্রকাশিত হয়। পরে তাঁর সফরসঙ্গীরা দ্রুত তাঁকে সেখান থেকে সরিয়ে নেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।