‘অপারেশন ক্লিন হার্ট’ চালুর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী
'অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের আপাতত নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট রয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনসে সাইবার পুলিশ সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিসেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতার আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকারের দায়িত্ব রয়েছে, তবে এ ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ নেই।
দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সাইবার পুলিশ সেন্টারটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান বিশ্বে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। সাইবার জগতে প্রতারণা, শেয়ারবাজারে কারসাজি এবং বিভিন্ন ধরনের আর্থিক অপরাধ বাড়ছে। এসব অপরাধ মোকাবিলায় দেশের প্রতিটি বিভাগে আধুনিক পরীক্ষাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, আধুনিক সাইবার ল্যাব চালু হলে অনলাইনে ব্ল্যাকমেইল, আর্থিক প্রতারণা, মাদক ও অস্ত্রের অবৈধ বেচাকেনা এবং জঙ্গি কার্যক্রম শনাক্ত ও প্রতিরোধ করা আরও সহজ ও দ্রুত হবে।
সরকারের লক্ষ্য হচ্ছে, প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানো এবং অপরাধ দমনে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা।