বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও সহায়তা পাওয়া উচিত বাংলাদেশের: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও সহায়তা পাওয়া উচিত বাংলাদেশের: অর্থমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও সহায়তা পাওয়া উচিত বাংলাদেশের: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সাম্প্রতিক সময়ে আরও এগিয়েছে উল্লেখ করে দেশটির কাছ থেকে অতিরিক্ত সহায়তা প্রত্যাশা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর মতে, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ বিমান কিনছে এবং সয়াবিনসহ বিভিন্ন পণ্য আমদানি করছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের আরও সহায়তা পাওয়া উচিত বলে মনে করে সরকার।


বুধবার (১৪ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী। বৈঠকে ঋণ ব্যবস্থাপনা এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।


আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, অতীতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশ তেমন কিছু পায়নি। তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক যেভাবে এগিয়েছে, তাতে আরও সহায়তার সুযোগ তৈরি হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের প্রতিনিধিরাও একমত হয়েছেন বলে জানান তিনি।


বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভায় যোগ দিতে অর্থমন্ত্রী বর্তমানে থাইল্যান্ডের ব্যাংককে অবস্থান করছেন। সেখানে আইএমএফের ঋণ কর্মসূচি এবং ঋণ পাওয়ার ক্ষেত্রে সংস্থাটির বিভিন্ন সংস্কারশর্ত নিয়ে বাংলাদেশের প্রতিনিধিদের আলোচনা চলছে।


এদিকে, অর্থমন্ত্রী জানান, সরকার শুধু বিদেশি ঋণের ওপর নির্ভর করতে চায় না। বরং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ আকর্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।


সরকারের প্রত্যাশা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হলে অর্থনৈতিক সহযোগিতা বাড়বে এবং দেশের উন্নয়ন কার্যক্রমে নতুন সুযোগ তৈরি হবে।