ঢাকায় হালকা বৃষ্টির আভাস, ৩ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত পৃথক দুটি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। এদিন রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। এর আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। বৃহস্পতিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে। পরদিন শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৭ মিনিটে।