শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
হোমশিল্প-সাহিত্যজাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী আজ

favicon
ভোরের আলো ডেস্ক:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী আজ

আজ ২৫ মে (রোববার) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের ‘বিদ্রোহী’ কবি। তার ডাকনাম ছিল ‘দুখু মিয়া’। পিতা কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন।

বিদ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কবি নজরুল ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার ও অভিনেতা। তার সাহিত্যকর্ম বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে নবজাগরণ সৃষ্টি করে।

নজরুলের কবিতা ও গান যুগে যুগে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা জুগিয়েছে। অসাম্প্রদায়িক চেতনার অন্যতম ভিত্তি রচনায় তার অবদান অনস্বীকার্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধেও তার গান মুক্তির বার্তা হয়ে ওঠে।

স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে বাংলাদেশে নিয়ে আসেন এবং ‘জাতীয় কবি’র মর্যাদা দিয়ে ঢাকার ধানমন্ডিতে একটি বাড়ি প্রদান করেন।
তিন দিনব্যাপী জাতীয় আয়োজন

জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী কেন্দ্রীয় অনুষ্ঠানমালা। আজ বিকেল ৩টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে এ আয়োজন উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এসময় ‘নজরুল পুরস্কার ২০২৩ ও ২০২৪’-এর মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে থাকবে আলোচনা, আবৃত্তি, সংগীত, নৃত্য ও নাটক।

এছাড়া, ময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী নজরুল উৎসব আয়োজন করা হয়েছে।
অন্যান্য কর্মসূচি

সকালে বাংলা একাডেমি কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। বিকেল ৪টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে নজরুল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে, যেখানে স্বাগত বক্তব্য দেবেন মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

সাংস্কৃতিক সংগঠন ছায়ানট আয়োজন করেছে দুই দিনব্যাপী নজরুল উৎসব। আজ সন্ধ্যায় উৎসবের সূচনা হবে একক ও সম্মেলন সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে।

বাংলাদেশ সাংস্কৃতিক কর্মী সংঘও জাতীয় নাট্যশালায় দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে। কবির জীবন, সাহিত্য ও ভাবনায় আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই এবারের আয়োজনগুলো সাজানো হয়েছে।

নজরুল জয়ন্তী আজও প্রাসঙ্গিক—যুগে যুগে তার কণ্ঠেই ধ্বনিত হয়েছে মানবতা, মুক্তি ও দ্রোহের জয়গান।