শিল্পী তালিকাভুক্ত করবে শিল্পকলা একাডেমি, আবেদন ১৩ সেপ্টেম্বর পর্যন্ত
দেশের প্রতিশ্রুতিশীল, প্রতিভাবান ও দক্ষ শিল্পীদের বাছাই করে তালিকাভুক্ত করতে ‘শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রম ২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
একাডেমির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী আগ্রহীরা নির্ধারিত ফরমে এ কার্যক্রমে আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ সেপ্টেম্বর। ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্র জমা দেওয়া যাবে।
নির্ধারিত ফরম পূরণ করে আবেদনপত্র পাঠাতে হবে মুহাম্মদ আনিসুর রহমান, প্রোগ্রাম অফিসার, সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা ঠিকানায়।
খামের ওপর স্পষ্টভাবে ‘শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রম-২০২৬’, আবেদনকারীর নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যেক আবেদনকারী সর্বোচ্চ তিনটি বিষয়ে অংশ নিতে পারবেন। এ কার্যক্রমে শিল্পকলা একাডেমির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কোনো ধরনের সুপারিশ তালিকাভুক্তির অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
নির্বাচন কার্যক্রম শুরু হবে ১৮ সেপ্টেম্বর। ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নজরুলসংগীত, শাস্ত্রীয় সংগীত, তিন কবির গান, আধুনিক গান ও সম্মিলিত সংগীত দলের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
১৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লোকসংগীত, রবীন্দ্রসংগীত, আবৃত্তি বা উপস্থাপনা এবং সম্মিলিত আবৃত্তি দলের নির্বাচন হবে।
এ ছাড়া ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লোকনৃত্য, সৃজনশীল নৃত্য, শাস্ত্রীয় নৃত্য ও দলীয় নৃত্যের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
আবেদন ফরম ও বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখার জন্য আগ্রহীদের বলা হয়েছে।