পটুয়াখালীতে সাবেক দুই এমপিসহ আওয়ামী লীগের ১৫ নেতার বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যসহ ১৫ নেতার বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গভীর রাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাড়িঘরের মালামাল, আসবাবপত্র ও গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি বলে জানিয়েছেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
স্থানীয়দের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শহরের পুরানবাজার লোহালিয়া খেয়াঘাট এলাকায় সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য বেগম লুৎফুন্নেছার বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় বাসার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে জানালার কাচ ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। বাসার সামনে থাকা একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে।
এ ঘটনার নিন্দা জানিয়েছেন লুৎফুন্নেছার স্বামী জেলা আওয়ামী লীগের সহসভাপতি, দৈনিক পটুয়াখালীর সম্পাদক ও পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মৃধা।
একই রাতে শহরের পিডিএস মাঠসংলগ্ন এলাকায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আফজাল হোসেনের বহুতল ভবনের নিচতলায় হামলা ও ভাঙচুর চালানো হয়। রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
বুধবার রাত ১০টার দিকে শহরের দক্ষিণ সবুজবাগ এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেনের বাসভবনে আগুন দেওয়া হয়। বাসার জানালা দিয়ে আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাসাটি তালাবদ্ধ ছিল। কে বা কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বাসার দোতলার পশ্চিম পাশের বারান্দায় কাঠের কয়েকটি বড় টুকরোতে আগুন দেওয়া হয়। পরে আগুন ধীরে ধীরে ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার ভোররাতে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়ার সদর উপজেলার শিয়ালি গ্রামের বাড়িতেও আগুন দেওয়া হয়। এতে কাঠের মালামাল, আসবাবপত্রসহ বিভিন্ন জিনিস পুড়ে যায়। ওই বাড়িতেও কেউ ছিলেন না। স্থানীয়দের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সরোয়ার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ মো. সোহেল, যুবলীগের সাবেক সভাপতি আরিফুজ্জামান রনি, জেলা আওয়ামী লীগের শিল্পবিষয়ক সম্পাদক মো. রিয়াজ মৃধা, জেলা শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান সিফাত, ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ বেল্লাল হোসেন পাভেল এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল মোল্লার বাসায় হামলা ও ভাঙচুর চালানো হয়।
এসব ঘটনায় বিভিন্ন মালামাল ও আসবাবপত্রের ক্ষতি হয়েছে।
ঘটনাগুলোর বিষয়ে সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।