আওয়ামী লীগ এখন পুরোপুরিভাবে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে
আওয়ামী লীগ এখন পুরোপুরিভাবে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবীর। সন্ত্রাসীদের হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেশে আনা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) সিলেটে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ড আওয়ামী লীগের সন্ত্রাসীদের কাজ বলে দাবি করেন তিনি।
হুমায়ূন কবীর বলেন, ‘সন্ত্রাসীদের কোনো পাসপোর্ট হয় না। তাদের হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেশে আনা হয়। সরকার কোনো চাপে নেই। সন্ত্রাসীদের কীভাবে মোকাবিলা করতে হয়, তা সরকার জানে।’
তিনি আরও বলেন, সরকার সহনশীলতা দেখালেও পরিস্থিতি বিবেচনায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, শুক্রবার ভোরে সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনের গেটে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁর বক্তব্য সামনে আসে।