গর্ভকালীন সেবা নিতে আসা প্রতি পাঁচ নারীর একজন ডায়াবেটিসে আক্রান্ত
গর্ভকালীন স্বাস্থ্যসেবা নিতে আসা প্রতি পাঁচজন নারীর একজন ডায়াবেটিসে আক্রান্ত। সংখ্যার হিসাবে দেশে এ ধরনের নারীর সংখ্যা প্রায় ১০ লাখ। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। বয়স ও ওজন বেশি এবং শারীরিক পরিশ্রম কম করেন, এমন নারীদের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি তুলনামূলক বেশি।
চিকিৎসকদের মতে, গর্ভাবস্থায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে মা ও শিশুর উভয়ের জন্যই মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। শিশুর জন্মগত ত্রুটি, অতিরিক্ত ওজন এবং প্রসবকালীন জটিলতার আশঙ্কা বাড়ে।
সাত মাসের অন্তঃসত্ত্বা সালিমা বেগম নানা জটিলতা নিয়ে ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ১৫ দিন আগে তার ডায়াবেটিস শনাক্ত হয়। বর্তমানে রক্তে শর্করা নিয়ন্ত্রণে তাকে ইনসুলিন নিতে হচ্ছে।
একই হাসপাতালে কুমিল্লা থেকে চিকিৎসা নিতে এসেছেন খাদিজা বেগম। তার রক্তে শর্করার মাত্রা ১৩। বয়স ৩৫ বছরের বেশি হওয়ায় ডায়াবেটিসের পাশাপাশি অন্যান্য জটিলতা নিয়েও ভুগছেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভবতীদের ওয়ার্ডে ভর্তি নারীদের একটি বড় অংশ ডায়াবেটিসজনিত জটিলতায় আক্রান্ত।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির জরিপে দেখা গেছে, গর্ভকালীন স্বাস্থ্যসেবা নিতে আসা নারীদের ২৪ দশমিক ৪ শতাংশের রক্তে শর্করার মাত্রা বেশি। শহর ও গ্রাম—উভয় এলাকায় আক্রান্তের হার প্রায় একই। পরিবারে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে এবং শারীরিক পরিশ্রম কম করেন, এমন নারীদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।
বাডাসের সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চের (সিজিএইচআর) পরিচালক ডা. বিশ্বজিৎ ভৌমিক বলেন, সময়ের সঙ্গে আক্রান্তের সংখ্যা পাঁচ থেকে সাত গুণ বেড়েছে। গর্ভধারণের আগে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার পরিবর্তন, শারীরিক সক্রিয়তা বৃদ্ধি এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব।
চিকিৎসকদের মতে, গর্ভাবস্থায় রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে ভ্রূণের স্বাভাবিক বিকাশ ব্যাহত হতে পারে। শিশুর হৃদযন্ত্র, মস্তিষ্ক ও মেরুদণ্ডে জন্মগত ত্রুটির ঝুঁকি বাড়ে। এ ছাড়া গর্ভস্থ শিশুর ওজন অতিরিক্ত বেড়ে যেতে পারে এবং মায়ের গর্ভে পানির পরিমাণ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে পারে।
ঢাকা মেডিকেল কলেজের ফিটো-মেটারনাল মেডিসিনের অধ্যাপক ডা. মাহফুজা আসমা বলেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস নিয়ে গর্ভে বেড়ে ওঠা শিশুর ওজন অনেক বেশি হতে পারে। একই সঙ্গে শিশুর হৃদযন্ত্রে সমস্যা দেখা দিতে পারে এবং গর্ভের পানির পরিমাণ বেড়ে যেতে পারে, যা চিকিৎসাবিজ্ঞানে ‘পলিহাইড্রামনিওস’ নামে পরিচিত।
দেশে প্রতিবছর ৪০ লাখের বেশি নারী গর্ভধারণ করেন। এ পরিস্থিতিতে চিকিৎসকেরা পরিকল্পিত গর্ভধারণের ওপর গুরুত্ব দিয়েছেন। তাদের পরামর্শ, গর্ভধারণের আগে স্বাস্থ্য পরীক্ষা, উপযুক্ত বয়সে সন্তান নেওয়া, ওজন নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করলে গর্ভকালীন ডায়াবেটিস ও সংশ্লিষ্ট জটিলতার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।