শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমখেলাপাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী নাঈম শেখ

পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী নাঈম শেখ

favicon
ভোরের আলো ডেস্ক:

শ্রীলঙ্কা সফর শেষ করে বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে বিশ্রামের খুব একটা সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। কারণ, তিন দিনের মধ্যেই শুরু হচ্ছে পাকিস্তান সিরিজ।


শুক্রবার (১৮ জুলাই) টাইগারদের ঐচ্ছিক অনুশীলনের কথা থাকলেও, ক্রিকেটারদের ভ্রমণক্লান্তির কথা মাথায় রেখে শেষ মুহূর্তে অনুশীলন বাতিল করেছে টিম ম্যানেজমেন্ট।


তবে দলের অনুশীলন না হলেও ব্যক্তিগতভাবে মিরপুরে অনুশীলনে নেমেছেন নাঈম শেখ। তপ্ত গরমের মধ্যেও তিনি এক থ্রোয়ারের সহায়তায় বড় শট মারার অনুশীলন করেন। শ্রীলঙ্কা সিরিজে পাওয়ার হিটিংয়ে ব্যর্থ হওয়া নাঈম এবার সেই ঘাটতি পুষিয়ে নিতে চাচ্ছেন। অনুশীলনের শেষ দিকে টি-টোয়েন্টি স্টাইলে রিভার্স সুইপ খেলতেও দেখা গেছে তাকে।


অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাঈম বলেন, "আমরা ঘরের মাঠে খেলছি, স্বাভাবিকভাবেই নিজেদের এগিয়ে রাখব। আমাদের জয়ের ধারা বজায় রাখতে হবে। আমি জানি না ক্রিকেটের প্রতি দর্শকদের আগ্রহ কমেছে কিনা। তবে আমরা যদি এই ধারাটা ধরে রাখতে পারি, তাহলে সেই আগ্রহ আবার ফিরে আসবে, ইনশাআল্লাহ।"


গত মাসে পাকিস্তান সফরে গিয়ে টাইগাররা টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল। এবারও প্রায় একই দল নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান। তবুও নাঈম মনে করেন, এবার পরিস্থিতি ভিন্ন।


তিনি বলেন, "পাকিস্তানে আমরা বেশ কিছু ম্যাচে ১৯০-২০০ রান করেছি। বোলিংটাই মূলত ভালো হয়নি। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে আমরা যেভাবে বল করেছি, সেটা অনেক ভিন্ন ছিল। এখন আমাদের বোলাররা মানসিকভাবে অনেক ভালো অবস্থায় আছে। এই আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে ঘরের মাঠের সুবিধা নিতে পারব।"


নাঈম আরও বলেন, "জয়ের ধারা ধরে রাখার চেষ্টা করব। মিরপুরের উইকেট সম্পর্কে আমরা জানি। এখন পর্যন্ত উইকেট দেখিনি। তবে আমাদের দল খুব ভালো অবস্থানে আছে। অতীতের কথা ভুলে গিয়ে সামনে তাকাচ্ছি। আমাদের লক্ষ্য একটাই—জয়ের ধারাটা ধরে রাখা।