শ্রীলঙ্কা সিরিজের দল অপরিবর্তিত, পাকিস্তানের বিপক্ষে প্রস্তুত বাংলাদেশ
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেছে বাংলাদেশ ও পাকিস্তান। শনিবার (১৯ জুলাই) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দুই দলের অধিনায়ক লিটন দাস ও সালমান আগা ট্রফি উন্মোচন করেন।
সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফরের স্কোয়াড অপরিবর্তিত রেখেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর দল পরিবর্তনের প্রয়োজন মনে করেনি টিম ম্যানেজমেন্ট।
লঙ্কানদের বিপক্ষে সিরিজে বাংলাদেশের ব্যাটিং বিভাগে উন্নতির ছাপ দেখা গেছে। দুই ওপেনার নিয়মিত রান পেয়েছেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়ক লিটন দাসও করেছেন দারুণ পারফরম্যান্স। বোলাররাও ছিলেন সিরিজজুড়ে দুর্দান্ত।
আগামী ২০, ২২ ও ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।