ওড়িশায় হকি খেলোয়াড়কে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, কোচসহ গ্রেপ্তার ৪
ওড়িশার জজপুর জেলায় এক কিশোরী হকি খেলোয়াড়কে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর স্থানীয় হকি কোচ ও তার সহযোগীদের দিকে।
নির্যাতিতার পরিবার জানায়, ওই কিশোরী গত দুই বছর ধরে জজপুরের একটি স্টেডিয়ামে হকির প্রশিক্ষণ নিচ্ছিল। গত ৩ জুলাই সন্ধ্যায় প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথে মাঝরাস্তায় জোর করে তাকে একটি গাড়িতে তুলে অপহরণ করা হয়। পরে একটি হোটেলে নিয়ে গিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।
কিশোরী জানায়, প্রতিবাদ করায় অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেয় এবং এই ঘটনা কাউকে না জানাতে বাধ্য করে।
শেষ পর্যন্ত নির্যাতিতা সাহস করে থানায় অভিযোগ করলে বিষয়টি প্রকাশ্যে আসে।
পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে দুই কোচসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
জজপুরের পুলিশ সুপার যশপ্রতাপ শারিমল বলেন, ‘‘অভিযোগ পাওয়ার পরই বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি।’’
মামলাটি পকসো আইনের পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(ডি) (গণধর্ষণ) ধারায় রুজু করা হয়েছে। ইতোমধ্যে মহিলা বিচারকের সামনে নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে।
এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।