শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমখেলাটিম ডেভিডের ঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ, দ্রুততম সেঞ্চুরিতে রেকর্ড অজিদের

টিম ডেভিডের ঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ, দ্রুততম সেঞ্চুরিতে রেকর্ড অজিদের

favicon
অনলাইন সংস্করণ

শাই হোপের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি যেন ঢেকে দিলেন অস্ট্রেলিয়ার টিম ডেভিড। সেন্ট কিটসে শুক্রবার (২৫ জুলাই) সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের বিপক্ষে ৩৭ বলে ঝড়ো সেঞ্চুরি হাঁকিয়ে অজিদের ইতিহাসে দ্রুততম শতকের মালিক হন ডেভিড। তার দানবীয় ইনিংসে ভর করে ২৩ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ফলে পাঁচ ম্যাচ সিরিজে প্রথম তিনটি জিতে আগেই সিরিজ নিশ্চিত করে তারা।


প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২১৪ রানের বিশাল সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক শাই হোপ ৫৭ বলে ৮ চার ও ৬ ছক্কায় ১০২ রানে অপরাজিত থাকেন। এছাড়া ব্রান্ডন কিং ৩৬ বলে ৬ ছক্কা ও ৩ চারে ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।


জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও, ম্যাচটা ঘুরিয়ে দেন টিম ডেভিড ও মিচেল ওয়েন। মাত্র ৮.৫ ওভারে ৮৭ রানে ৪ উইকেট হারানো অস্ট্রেলিয়া এরপর পঞ্চম উইকেটে ১২৮ রানের জুটি গড়ে জয় নিশ্চিত করে। ডেভিড ৩৭ বলে ১১ ছক্কা ও ৬ চারে গড়া ১০০ রানে অপরাজিত থাকেন। মিচেল ওয়েন ১৬ বলে ৩ ছক্কা ও ২ চারে ৩৬ রান করে অপরাজিত ছিলেন।


টিম ডেভিডের এই ইনিংস অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম শতক। আগের রেকর্ডটি ছিল জশ ইংলিসের, যিনি করেছিলেন ৪৩ বলে। একইসঙ্গে পঞ্চম উইকেটে ১২৮ রানের জুটি অজিদের টি-টোয়েন্টি ইতিহাসেও এই উইকেটে সর্বোচ্চ।


ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রোমারিও শেফার্ড, ৩৯ রানে নিয়েছেন ২ উইকেট।


সিরিজের প্রথম দুই ম্যাচে ৩ ও ৮ উইকেটের ব্যবধানে হারা ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচেও জয় থেকে বঞ্চিত হয়ে সিরিজ হাতছাড়া করল।