কোল্ডপ্লের কনসার্টে ‘কিস ক্যামে’ ধরা পড়লেন মেসি-রোকুজ্জো
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে রোববার রাতে অনুষ্ঠিত কোল্ডপ্লের কনসার্টে ভিন্ন এক উচ্ছ্বাসে ভাসলো দর্শকরা। কারণ, উপস্থিত ছিলেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি ও তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো।
ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের যুক্তরাষ্ট্র সফরের শেষ কনসার্ট ছিল এটি। ভক্তদের উল্লাসে মুখর স্টেডিয়ামে এক পর্যায়ে স্ক্রিনে ধরা পড়ে মেসি-রোকুজ্জো জুটি, স্টেডিয়ামের ‘কিস ক্যাম’ ক্যাপচার করে তাদের রোমান্টিক মুহূর্ত।
জায়ান্ট স্ক্রিনে হাসিমুখে হাত নাড়েন মেসি ও রোকুজ্জো, আর স্টেডিয়ামজুড়ে গর্জে ওঠে উচ্ছ্বাস—হর্ষধ্বনি আর করতালিতে মুখর চারদিক। তখনই মঞ্চ থেকে কোল্ডপ্লের ভোকাল ক্রিস মার্টিন বলেন, “আজ আমাদের কনসার্টে আসার জন্য ধন্যবাদ, সর্বকালের সেরা ক্রীড়াবিদ।”
তার এই কথার সঙ্গে তাল মিলিয়ে হাজারো দর্শকের কণ্ঠে ধ্বনিত হয়, “মেসি! মেসি!”
রোকুজ্জো পরে ইনস্টাগ্রামে কনসার্টের কয়েকটি মুহূর্ত শেয়ার করলে মন্তব্যের বন্যায় ভরে যায় পোস্টটি। এক ভক্ত মজার ছলে লেখেন, “তাদের কিছুক্ষণ লুকিয়ে পড়া উচিত ছিল, তাহলে দৃশ্যটা আরও মজার হতো”—এটি ছিল সাম্প্রতিক এক কনসার্ট কাহিনির রেফারেন্স, যেখানে এক দম্পতির অস্বস্তিকর কিস ক্যাম মুহূর্ত ভাইরাল হয়েছিল।
তবে মেসি ও রোকুজ্জোর গল্প একেবারেই আলাদা। ছোটবেলার প্রেম থেকে ২০১৭ সালের বিয়ে—এখন তারা তিন সন্তানসহ গড়ে তুলেছেন সুখী এক পরিবার। কোল্ডপ্লের গিটারের সুরের মাঝে জায়ান্ট স্ক্রিনে ধরা পড়ে এক অনন্য ভালোবাসার দৃশ্য—বিশ্বের অন্যতম সেরা ক্রীড়াবিদ ও তার প্রাণের মানুষের হৃদয়গ্রাহী এক মুহূর্ত।