মেসির ডাবল অ্যাসিস্টে নাটকীয় জয় মায়ামির
লিওনেল মেসির শেষ মুহূর্তের জাদুতেই নাটকীয় জয় ছিনিয়ে নিল ইন্টার মায়ামি। বুধবার রাতে লীগ কাপের উদ্বোধনী ম্যাচে মেসির দুইটি চোখধাঁধানো অ্যাসিস্টে মেক্সিকান ক্লাব আটলাসকে ২-১ ব্যবধানে হারায় মায়ামি।
নতুন সাইনিং রদ্রিগো দি পল মায়ামির হয়ে প্রথম ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলেন। তবে ম্যাচের মূল আকর্ষণ ছিলেন মেসি ও তরুণ মিডফিল্ডার তেলাস্কো সেগোভিয়া।
ম্যাচের ৯৬তম মিনিটে মেসির পাস থেকে মার্সেলো ওয়েইগান্ট জয়সূচক গোলটি করেন। শুরুতে অফসাইড ধরা পড়লেও, ভিএআর চেক করে গোলটি বৈধ ঘোষণা করা হয়। এর আগে ৫৮তম মিনিটে সার্জিও বুসকেটসের থ্রু বল পেয়ে মেসি সেগোভিয়াকে পাস দেন, আর তিনিও সহজেই বল পাঠান জালে।
৮০তম মিনিটে মায়ামির ডিফেন্সের ভুলে সমতায় ফেরে আটলাস। ফলে মনে হচ্ছিল ম্যাচটি গড়াবে টাইব্রেকারে। তবে যোগ করা সময়ের এক অসাধারণ টিম বিল্ড-আপে আবারও মেসির পা থেকে আসা পাসে গোল করেন ওয়েইগান্ট, যা নিশ্চিত করে মায়ামির রোমাঞ্চকর জয়।
এই মাসেই মেসির এটি পঞ্চম অ্যাসিস্ট। এর আগে জুলাই মাসে ৮ গোল করে মেজর লিগ সকারের মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।