জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন, আহ্বায়ক মির্জা ফখরুল
জাতীয় পুরস্কার প্রদান সংক্রান্ত কার্যক্রম তদারকির জন্য নতুন মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর–কে কমিটির আহ্বায়ক করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানি সম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, রেল ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
কমিটিকে সহায়তা করবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব/প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ স্বরাষ্ট্র, অর্থ, তথ্য ও সম্প্রচার, বাণিজ্য, সংস্কৃতি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবরা।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রস্তাব পর্যালোচনা করে জাতীয় পুরস্কার প্রদানের সুপারিশ করবে। পাশাপাশি বিভিন্ন জাতীয় পুরস্কারের ক্রমনির্ধারণ ও প্রয়োজন অনুযায়ী পরিবর্তনের প্রস্তাব এবং নতুন জাতীয় পুরস্কার প্রবর্তনের বিষয়ও পরীক্ষা করবে।
প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পরিবীক্ষণ করবে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটিকে সার্বিক সাচিবিক সহায়তাও দেবে একই বিভাগ।