শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়বাংলাদেশের সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী সিঙ্গাপুর

বাংলাদেশের সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী সিঙ্গাপুর

favicon
ভোরের আলো ডেস্ক:
বাংলাদেশের সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী সিঙ্গাপুর

সিঙ্গাপুর বাংলাদেশের সঙ্গে দ্রুত একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করতে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ ডি’অ্যাফেয়ার্স মিচেল লি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে এক বৈঠকে এ আগ্রহের কথা জানান।

বুধবার অনুষ্ঠিত বৈঠকের শুরুতে মিচেল লি প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণ উপলক্ষে অভিনন্দন জানান। এ সময় প্রতিমন্ত্রী দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন কার্যক্রম এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা হয়। মিচেল লি সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ইতিবাচক সুনামের কথা উল্লেখ করেন এবং জানান, চাঙ্গি বিমানবন্দরের নতুন টার্মিনালসহ বড় অবকাঠামো প্রকল্পগুলোতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য সিঙ্গাপুরে আরও সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সরকারের অগ্রাধিকারের বিষয়।

সিঙ্গাপুরের পক্ষ থেকে দ্রুত বাংলাদেশ-সিঙ্গাপুর মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের আগ্রহ জানানো হয় এবং বিভিন্ন অবকাঠামো প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

প্রতিমন্ত্রী আশ্বাস দেন, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ প্রয়োজনীয় সহযোগিতা দেবে। পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ডিজিটাল অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য থেকে শক্তি উৎপাদনসহ বিভিন্ন খাতে সিঙ্গাপুরের বিনিয়োগের আহ্বান জানান তিনি।

এদিকে, বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে রপ্তানিযোগ্য পণ্য চিহ্নিত ও প্রচারের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।