আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি সংশোধন বিবেচনায়, সংসদে জানালেন মন্ত্রী
ভারতের Adani Power–এর সঙ্গে ২০১৭ সালে স্বাক্ষরিত বিদ্যুৎ ক্রয় চুক্তি সংশোধনের বিষয়টি বর্তমানে বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত জাতীয় কমিটি চুক্তিটি পর্যালোচনা করেছে।
হাফিজ উদ্দিন আহমদ–এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
মন্ত্রী বলেন, কমিটির পর্যালোচনায় দেখা গেছে, পূর্ববর্তী সরকার দেশীয় ও আন্তর্জাতিক বাজারদরের তুলনায় অস্বাভাবিক মূল্যে চুক্তিটি করেছে। এ অবস্থায় সরকার চুক্তি সংশোধনের জন্য দুটি পথ বিবেচনা করছে—আন্তর্জাতিক সালিশি আদালতের মাধ্যমে সমাধান অথবা সরাসরি আদানি পাওয়ারের সঙ্গে আলোচনা।

তিনি আরও জানান, দেশে বর্তমানে বিদ্যুতের বড় কোনো ঘাটতি নেই। তবে গ্রীষ্মকালে প্রাথমিক জ্বালানির সংকট ও সঞ্চালন ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।
ক্রমবর্ধমান চাহিদা পূরণ ও লোডশেডিং কমাতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সঞ্চালন ও বিতরণ অবকাঠামো উন্নয়নের কাজ চলছে।
এ ছাড়া জ্বালানি বহুমুখীকরণ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংসদে উল্লেখ করেন ইকবাল হাসান মাহমুদ টুকু।