মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
হোমজাতীয়জাপানে বড় অঙ্কের জনশক্তি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সরকার

জাপানে বড় অঙ্কের জনশক্তি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সরকার

favicon
ভোরের আলো ডেস্ক:
জাপানে বড় অঙ্কের জনশক্তি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সরকার

জাপান-এ চলমান দক্ষ কর্মী সংকট মোকাবিলায় নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন কর্মী (এসএসডব্লিউ) ক্যাটাগরিতে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সরকার।

জাপান সরকার ২০২৯ সালের মার্চের মধ্যে এসএসডব্লিউ-এর ১৬টি খাতে প্রায় ৮ লাখ ২০ হাজার বিদেশি কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বাংলাদেশ এই সুযোগ কাজে লাগাতে পারলে মোট চাহিদার প্রায় ৪০ শতাংশ, অর্থাৎ ৩ লাখেরও বেশি কর্মী পাঠানো সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এর আগে বাংলাদেশ এ ক্যাটাগরির মাত্র ছয়টি খাতে কর্মী পাঠাতে পারত। এখন সব খাতেই দক্ষ জনবল পাঠানোর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, জাপান বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় শ্রমবাজার। সঠিকভাবে দক্ষ জনবল তৈরি করতে পারলে বড় পরিসরে কর্মসংস্থান তৈরি হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন বাড়বে।

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের তথ্য অনুযায়ী, জাপান শুধু এসএসডব্লিউ নয়, দক্ষতা উন্নয়নভিত্তিক কর্মসংস্থানসহ বিভিন্ন ক্যাটাগরিতে ২০২৯ সালের মধ্যে প্রায় ১২ লাখ বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করছে। দীর্ঘমেয়াদে ২০৪০ সালের মধ্যে দেশটিতে প্রায় ১ কোটি ১০ লাখ বিদেশি কর্মীর প্রয়োজন হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জাপানের বাজারে সফল হতে হলে কর্মীদের জাপানি ভাষা, সংস্কৃতি, প্রযুক্তি ও কর্মপরিবেশ সম্পর্কে দক্ষতা অর্জন জরুরি। এতে বাংলাদেশের কর্মীদের গ্রহণযোগ্যতা আরও বাড়বে এবং ভবিষ্যতে বড় সুযোগ তৈরি হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, জাপানের রীতি-নীতি, আইন-কানুন ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।