রূপপুরে ইউরেনিয়াম জ্বালানি সংযোজন শুরু, পারমাণবিক যুগে প্রবেশের পথে বাংলাদেশ
বাংলাদেশ এখন পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশের পথে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এর চুল্লিতে আজ থেকে ইউরেনিয়াম জ্বালানি সংযোজন শুরু হচ্ছে। এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করল প্রকল্পটি।
বিশেষজ্ঞদের মতে, অল্প পরিমাণ ইউরেনিয়াম থেকেই বিপুল পরিমাণ শক্তি উৎপাদন সম্ভব। একই পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে যেখানে কয়েক টন কয়লা বা শত শত ঘনমিটার গ্যাস প্রয়োজন হয়, সেখানে মাত্র কয়েক গ্রাম ইউরেনিয়ামই যথেষ্ট।
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানির মূল উপাদান হলো ইউরেনিয়াম-২৩৫ সমৃদ্ধ ছোট পেলেট। এই ধাতব পেলেটগুলোকে উচ্চ নিরাপত্তাসম্পন্ন ধাতব টিউবের ভেতরে রাখা হয়, যা ফুয়েল রড নামে পরিচিত। বহু ফুয়েল রড একত্রে যুক্ত হয়ে তৈরি হয় ফুয়েল অ্যাসেম্বলি।
প্রতিটি ফুয়েল অ্যাসেম্বলির দৈর্ঘ্য সাধারণত সাড়ে তিন থেকে সাড়ে চার মিটার হয়ে থাকে। এসব অ্যাসেম্বলি একসঙ্গে চুল্লিতে লোড করে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়।
বাংলাদেশের ১,২০০ মেগাওয়াট ক্ষমতার একটি চুল্লিতে মোট ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি ব্যবহার করা হবে বলে জানা গেছে। পর্যায়ক্রমে এসব জ্বালানি সংযোজন সম্পন্ন হলে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পূর্ণ হবে।
বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু হলে দেশের বিদ্যুৎ ঘাটতি কমবে এবং দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রকল্প।