ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব পড়েছে ভারতেও। চলতি মাসে তৃতীয়বারের মতো পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলো। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শনিবার (২৩ মে) থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি বিক্রেতারা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৮৭ পয়সা বেড়ে হয়েছে ৯৯ দশমিক ৫১ রূপি। একই সঙ্গে ডিজেলের দাম লিটারপ্রতি ৯১ পয়সা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৯২ দশমিক ৪৯ রূপি।
বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ ভারত। তবে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পরও খুচরা পর্যায়ে জ্বালানির দাম বাড়ানোর ক্ষেত্রে বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে ভারত তুলনামূলকভাবে দেরিতে পদক্ষেপ নেয়।