হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৩৫ জন
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৩৫ জনের মধ্যে হাম অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ঢাকা, মৌলভীবাজার ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট তিন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৮৬ জনে পৌঁছেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১২৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৯৪ হাজার ৭৬৪ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে ১১ হাজার ২৯৭ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭৮ হাজার ৭১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে ৭৪ হাজার ৯৭১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সবাইকে শিশুদের সময়মতো টিকা দেওয়ার এবং হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।