দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বাংলাদেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যাকে সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (২৪ জুন) মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কূটনৈতিক মাধ্যমে আগেই প্রয়োজনীয় তথ্য জানানো হয়েছিল। এরপরও দিল্লি বিমানবন্দরে তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।
তিনি আরও বলেন, বাংলাদেশ মনে করে প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব হলো নিজ দেশের সব নাগরিকের, বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা।
এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে জানান, জাহেদ উর রহমান ব্যক্তিগত পাসপোর্ট ও সার্ক ভিসা নিয়ে ভারতে গিয়েছিলেন। বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তারা তার সফরের উদ্দেশ্য সম্পর্কে কিছু প্রশ্ন করেন। তিনি একটি বহুপাক্ষিক বৈঠকে যোগ দিতে এসেছেন বলে নিশ্চিত হওয়ার পর তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে তিনি নিজ সিদ্ধান্তে ঢাকায় ফিরে যাওয়ার পথ বেছে নেন।
উল্লেখ্য, গত ১৪ জুন একটি সম্মেলনে অংশ নিতে ডা. জাহেদ উর রহমান দিল্লি যান। সেখানে বিমানবন্দরে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হওয়ার পর তিনি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। পরে প্রবেশের অনুমতি মিললেও তিনি আর ভারতে না থেকে ঢাকায় ফিরে আসেন।