বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমজাতীয়চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

favicon
সাইফুল আলম মিরাজ
চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী।


বৃহস্পতিবার বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’-এ তিনি এ কথা বলেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে চীনের ১২৫ জন ব্যবসায়ী অংশ নেন।


প্রধানমন্ত্রী জানান, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে সরকার ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এর আওতায় আমলাতান্ত্রিক জটিলতা কমানো, সরকারি সেবার ডিজিটাল রূপান্তর এবং নীতিগত ধারাবাহিকতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মোংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি চীনা বিনিয়োগকারীদের সহায়তায় শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় চালু করা হবে।


তারেক রহমান বলেন, চীনা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে তাদের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণ করতে পারে। এতে তারা বৈশ্বিক বাজারের পাশাপাশি বাংলাদেশের ক্রমবর্ধমান অভ্যন্তরীণ বাজারের সুবিধাও পাবে।


তিনি আরও জানান, চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষ সম্পর্ক ব্যবস্থাপনা ডেস্ক ও পৃথক তথ্যভিত্তিক ওয়েবসাইট চালু করা হয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিনিয়োগ চুক্তি আরও আধুনিক ও বিনিয়োগবান্ধব করার কাজ চলছে।


প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নয়ন এবং পারস্পরিক সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করবে।