মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের অস্ত্র দেওয়া হবে, গঠন হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের অস্ত্র দেওয়ার পাশাপাশি মাদক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ১৫টি বেসরকারি মাদক পুনর্বাসনকেন্দ্রের প্রতিনিধিদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্ত। বিশেষ করে কৃত্রিম ও আধা-কৃত্রিম মাদকের বিস্তারের কারণে মাদকাসক্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। তিনি বলেন, বিদ্যমান আইনের মাধ্যমে কার্যকরভাবে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, মাদক চক্রগুলো অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করলেও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে কোনো অস্ত্র নেই। এ কারণে তাদের সক্ষমতা বাড়ানো কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার মাদক আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে এবং নতুন আইনি কাঠামো তৈরির কাজ চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজধানী ঢাকাতেই প্রায় ৮০ হাজার মাদক মামলা বিচারাধীন রয়েছে। দেশের বিভিন্ন জেলাতেও বিপুলসংখ্যক মামলা ঝুলে আছে। এসব মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে। পাশাপাশি প্রচলিত আদালতেও বিচার কার্যক্রম চলবে।
তিনি বলেন, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ১ হাজার ৪১৩ কোটি টাকা ব্যয়ে সাতটি বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট মাদক নিরাময় ও পুনর্বাসনকেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে। এছাড়া বেসরকারি মাদক নিরাময়কেন্দ্রগুলোকে উৎসাহ দিতে ৭৩টি প্রতিষ্ঠানকে মোট ১ কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে।