সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল
প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের জামিন আবেদন নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার (২৮ জুন) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদনের শুনানি শেষে এ রুল দেন।
রুলে জানতে চাওয়া হয়েছে, এই মামলায় কেন কাজী হাবিবুল আউয়ালকে জামিন দেওয়া হবে না। একই সঙ্গে রাষ্ট্রপক্ষকে দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অধস্তন আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর গত মাসে হাইকোর্টে জামিনের আবেদন করেন সাবেক এই সিইসি। তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক, এস এম শাহজাহান ও সারা হোসেন। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী মো. তায়্যিব-উল-ইসলাম সৌরভ। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফয়সাল সিদ্দিকী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ছফওয়ান।