প্রথমবার নাইজেরিয়ায় রপ্তানি হলো বাংলাদেশের হ্যাচিং ডিম
বাংলাদেশের প্রাণিসম্পদ খাতে নতুন মাইলফলক যুক্ত হলো। প্রথমবারের মতো আফ্রিকার দেশ নাইজেরিয়ায় রপ্তানি করা হয়েছে প্যারেন্ট হ্যাচিং এগস (বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম)। দেশের শীর্ষ পোলট্রি প্রতিষ্ঠান কাজী ফার্মস লিমিটেডের মাধ্যমে ১০ হাজার ৪৪০টি হ্যাচিং ডিমের এই চালান পাঠানো হয়েছে, যার মূল্য প্রায় ১৮ হাজার ৭২৯ মার্কিন ডলার।
রোববার (২৮ জুন) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আনুষ্ঠানিকভাবে রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিসম্পদ খাতের পণ্য রপ্তানি বাড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার। এর মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং রপ্তানি খাতের বহুমুখীকরণে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, সরকার প্রতিটি খাতকে রপ্তানিমুখী করে গড়ে তোলার যে লক্ষ্য নির্ধারণ করেছে, হ্যাচিং ডিম রপ্তানি তারই একটি গুরুত্বপূর্ণ অর্জন। এটি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোলট্রি শিল্পের সক্ষমতা ও সম্ভাবনার নতুন পরিচয় বহন করবে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান জানান, আন্তর্জাতিক মানসম্পন্ন ও রপ্তানিযোগ্য পোলট্রি শিল্প গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। এ ধরনের উদ্যোগ দেশের পোলট্রি শিল্পকে বৈশ্বিক বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যাবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমান সরকারের আমলে এটিই দেশের প্রথম হ্যাচিং ডিম রপ্তানির চালান। এই সাফল্যের মাধ্যমে ভবিষ্যতে আফ্রিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন সম্ভাবনাময় বাজারে বাংলাদেশের পোলট্রি পণ্য রপ্তানির সুযোগ আরও বিস্তৃত হবে।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তর, বিমানবন্দরের কোয়ারেন্টাইন স্টেশন এবং কাজী ফার্মস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।