একাকীত্ব কমাতে এআই হিউম্যানয়েড রোবট আনল চীনা প্রতিষ্ঠান
একাকীত্ব দূর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর মানুষের মতো দেখতে নতুন একটি হিউম্যানয়েড রোবট বাজারে এনেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ইউবিটেক রোবটিক্স। প্রতিষ্ঠানটির দাবি, ‘ইউ১’ নামের এই রোবট দীর্ঘমেয়াদে ব্যবহারকারীর সঙ্গী হিসেবে কাজ করবে এবং ব্যক্তিগত সহায়তা প্রদান করবে।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোবটটিতে ক্যামেরা, বিভিন্ন সেন্সর এবং শব্দ শনাক্তকারী মাইক্রোফোন সংযুক্ত রয়েছে। এটি ব্যবহারকারীর সঙ্গে কথোপকথন করতে, হাত ধরতে এবং সময়ের সঙ্গে তার অভ্যাস ও পছন্দ-অপছন্দ শিখে নিতে সক্ষম।
প্রতিষ্ঠানটির দাবি, ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী রোবটটির চেহারা, চুলের ধরন ও পোশাক পরিবর্তন করা যাবে। এমনকি এটি কোনো প্রিয়জন, জনপ্রিয় তারকা বা কল্পিত চরিত্রের আদলেও কাস্টমাইজ করা সম্ভব।
রোবটটি ব্যবহারকারীর মানসিক অবস্থা বিশ্লেষণ করে সান্ত্বনামূলক কথা বলতে পারে। এছাড়া ওষুধ খাওয়ার সময় মনে করিয়ে দেওয়া, সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির বিষয়ে সতর্ক করা কিংবা বিনোদনের প্রস্তাব দেওয়ার মতো বিভিন্ন সহায়ক কাজও করতে সক্ষম।
তবে ইউবিটেক জানিয়েছে, এই রোবট ঘরের কাজ, রান্নাবান্না বা অন্যান্য গৃহস্থালি দায়িত্ব পালন করতে পারে না। পাশাপাশি এটি যৌনসঙ্গী হিসেবে ব্যবহারের জন্যও তৈরি করা হয়নি।
প্রতিষ্ঠানটির লক্ষ্য মূলত একা বসবাসকারী ব্যক্তি এবং ৬০ বছরের বেশি বয়সী মানুষ। ইতোমধ্যে রোবটটির জন্য ১৩ হাজার ৩০০টির বেশি আগাম অর্ডার পাওয়া গেছে। আগামী সেপ্টেম্বর থেকে গ্রাহকদের কাছে সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে।
রোবটটির প্রাথমিক সংস্করণের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৯ হাজার ৮০০ ইউয়ান (প্রায় ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার), যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ লাখ ৭০ হাজার টাকা। আর উন্নত ‘আল্ট্রা’ সংস্করণের দাম ৯ লাখ ৯০ হাজার ইউয়ান (প্রায় ১ লাখ ৪৫ হাজার ৭০০ মার্কিন ডলার), যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার কাছাকাছি।
বিশেষজ্ঞদের মতে, বয়স্কদের সেবা এবং মানসিক সুস্থতা নিশ্চিত করতে এ ধরনের এআই রোবট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, গোপনীয়তা এবং যন্ত্রের প্রতি অতিরিক্ত মানসিক নির্ভরশীলতা নিয়ে এখনো নানা উদ্বেগ রয়ে গেছে।