জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণসভায় প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্মরণসভাটি অনুষ্ঠিত হবে। শুক্রবার বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।
‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করছে।
এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৯ দিনের কর্মসূচির সমাপনী আয়োজনেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য ছাত্র সমাবেশে তিনি অংশ নেবেন।
জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত এ কর্মসূচি ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে একটি আলোচনা সভার মাধ্যমে শুরু হবে এবং ৩ আগস্ট সমাপনী ছাত্র সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে।