রবিবার , ০৫ জুলাই ২০২৬
রবিবার , ০৫ জুলাই ২০২৬
হোমজাতীয়জুলাই শহীদ ও আহতদের পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই শহীদ ও আহতদের পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
জুলাই শহীদ ও আহতদের পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন, পুনর্বাসন এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো সরকারের পবিত্র দায়িত্ব। একই সঙ্গে তিনি বলেন, এ ঘটনায় দায়ীদের আইনের আওতায় এনে দেশের মাটিতেই বিচার নিশ্চিত করা হবে।


শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে রাষ্ট্র চিরদিন স্মরণ করবে। তাদের পরিবারকে সর্বোচ্চ সম্মান, স্বীকৃতি, উন্নত জীবনমান এবং পূর্ণাঙ্গ পুনর্বাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে।


তিনি বলেন, শহীদদের হত্যাকাণ্ডে জড়িতদের বিচার অবশ্যই বাংলাদেশের আইন অনুযায়ী এ দেশের মাটিতেই হবে। তবে বিচার নিশ্চিত করতে গিয়ে যেন কারও প্রতি অবিচার না হয়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


তারেক রহমান বলেন, আইনের সব প্রক্রিয়া অনুসরণ করে, প্রয়োজনে কিছুটা সময় নিয়েই প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে সঠিক বিচার নিশ্চিত করা হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ধরনের তাড়াহুড়া বা অন্যায় যেন না ঘটে, সে বিষয়েও সরকার সচেতন থাকবে।


বক্তব্যে প্রধানমন্ত্রী ব্যক্তিগত অনুভূতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, স্বজন হারানোর বেদনা তিনি নিজেও অনুভব করেন এবং দীর্ঘদিনের রাজনৈতিক নির্যাতন ও সহিংসতার কারণে শারীরিক ও মানসিক কষ্টের অভিজ্ঞতা রয়েছে তারও। তাই শহীদ পরিবার ও আহতদের কষ্ট তিনি উপলব্ধি করতে পারেন।


তিনি আরও বলেন, প্রতিশোধ নয়, জাতীয় ঐক্য ও দেশকে এগিয়ে নেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই সরকার ন্যায়বিচার, পুনর্বাসন এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।


সম্মেলনে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে মন্ত্রিসভার সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।