আরও ৭ শিশুর মৃত্যু, হামের উপসর্গে মোট প্রাণহানি ৭৩৮
দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩৮ জনে।
রোববার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এ সময়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৪৫ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৭৩৮।
একই সময়ে নতুন করে হামে আক্রান্ত বা হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে ১ হাজার ৩১ জন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত সাড়ে তিন মাসের বেশি সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮ হাজার ৮৪৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৫ হাজার ১২২ জন।