বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমজাতীয়ব্যারিস্টার আবদুর রাজ্জাক আর নেই

ব্যারিস্টার আবদুর রাজ্জাক আর নেই

favicon
ভোরের আলো ডেস্ক:
ব্যারিস্টার আবদুর রাজ্জাক আর নেই
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, ফাইল ছবি

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং রাজনীতিবিদ ব্যারিস্টার আবদুর রাজ্জাক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

ব্যারিস্টার রাজ্জাক এক সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি এবি পার্টির প্রধান উপদেষ্টা ছিলেন।

তাঁর মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল শিশির মনির। তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, “আমার সিনিয়র জনাব ব্যারিস্টার আবদুর রাজ্জাক স্যার আজ বিকেল ৪টা ১০ মিনিটে ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন।”

শিশির মনির আরও জানান, আজ রোববার বাদ এশা (রাত ৮:৩০টায়) ধানমন্ডির তাকওয়া মসজিদে এবং আগামীকাল সোমবার সকাল ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

ব্যারিস্টার আবদুর রাজ্জাক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের পক্ষের প্রধান কৌঁসুলি হিসেবে কাজ করেছেন। ২০১৯ সালে তিনি জামায়াত ইসলাম থেকে পদত্যাগ করেন এবং পরবর্তীতে এবি পার্টির সঙ্গে যুক্ত হন। ২০১৩ সালে তিনি যুক্তরাজ্যে যান এবং প্রায় ১১ বছর পর, ২০২৪ সালের ডিসেম্বরের শেষদিকে দেশে ফিরে আসেন।

২০২০ সালে তাঁর প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং সে সময় তিনি এবি পার্টির উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন।

সত্তরের দশকের শেষদিকে শিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান আবদুর রাজ্জাক। ১৯৮০ সালে তিনি বার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন এবং ১৯৮৫ সালের নভেম্বরে পর্যন্ত লন্ডনে আইন পেশায় নিয়োজিত ছিলেন। এরপর দেশে ফিরে আইন পেশা চালিয়ে যান। পরে আবার ২০১৩ সালে যুক্তরাজ্যে ফিরে আইনচর্চায় সক্রিয় হন।

তাঁর বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে। তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক ছিলেন।