‘সরকারের প্রতিটি মুহূর্তই দায়িত্ব ও জবাবদিহির পরীক্ষা’: মাহদী আমিন
সরকারের প্রতিটি পদক্ষেপই জনগণের কাছে দায়িত্ব ও জবাবদিহির পরীক্ষার অংশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
শনিবার (১৮ জুলাই) বিকেলে সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও উপস্থিত ছিলেন।
মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্ণ হয়েছে। সময়টি দীর্ঘ না হলেও প্রতিটি মুহূর্তই দায়িত্ব পালন, জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের আস্থা অর্জনের নতুন পরীক্ষা।
তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে। জনগণের আস্থা ও বিশ্বাসই সরকারের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি বলেন, সরকারের প্রতিটি উদ্যোগ, অর্জন, সংস্কার এবং চ্যালেঞ্জ সম্পর্কে জনগণকে অবহিত করাকে সরকার নৈতিক দায়িত্ব হিসেবে বিবেচনা করে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার পর সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার, সরকারি প্রকল্পে ব্যয় সাশ্রয় ও দুর্নীতিমুক্ত পর্যালোচনা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতের ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনের কাজও চলমান রয়েছে বলে জানান তিনি।
মাহদী আমিন বলেন, বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য।