রোহিঙ্গা প্রত্যাবাসনই অগ্রাধিকার, মিয়ানমারের সঙ্গে এখনো চূড়ান্ত আলোচনা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনই বাংলাদেশের সর্বোচ্চ অগ্রাধিকার। তবে এ বিষয়ে এখন পর্যন্ত মিয়ানমার সরকারের সঙ্গে কোনো চূড়ান্ত আলোচনা হয়নি বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। প্রত্যাবাসন বাস্তবায়িত হলে বাংলাদেশ তা স্বাগত জানাবে। তবে এ বিষয়ে এখনো মিয়ানমারের সঙ্গে কোনো সুনির্দিষ্ট অগ্রগতি হয়নি।
শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ সরকার নিয়মিতভাবে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে এখন পর্যন্ত প্রত্যাবাসন নিয়ে নিশ্চিত কোনো তথ্য তাঁর কাছে নেই।
মিয়ানমারে আটক বাংলাদেশি জেলেদের বিষয়ে তিনি জানান, তাদের দেশে ফিরিয়ে আনতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। এ লক্ষ্যে সম্প্রতি বিজিবি প্রধান, পররাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে আরাকান আর্মির নিয়ন্ত্রিত এলাকায় আটকে পড়া জেলেদের ফিরিয়ে আনার প্রক্রিয়া কিছুটা জটিল। কারণ, আরাকান আর্মির সঙ্গে সরাসরি যোগাযোগ করা সহজ নয়। তবুও সীমান্তে দায়িত্ব পালনকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো বিষয়টি নিয়ে কাজ করছে।
তিনি জানান, এখন পর্যন্ত ২৭ জন বাংলাদেশি জেলেকে শনাক্ত করা হয়েছে। তারা বিভিন্ন সময়ে আটক হয়ে কারাভোগ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।