শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
হোমজাতীয়অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থ অপচয় করা যাবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থ অপচয় করা যাবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থ অপচয় করা যাবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় প্রকল্পের মাধ্যমে জনগণের অর্থের অপচয়ের পুনরাবৃত্তি আর হতে দেওয়া হবে না। জনস্বার্থ ও বাস্তব প্রয়োজন বিবেচনায় নিয়েই ভবিষ্যতের প্রকল্প গ্রহণ করতে হবে।


বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে জ্বালানি ও বিদ্যুৎ খাতের উন্নয়ন, উৎপাদন ও বিতরণ ব্যবস্থাকে আরও দক্ষ ও সাশ্রয়ী করার লক্ষ্যে আয়োজিত দুটি পৃথক সভায় তিনি এসব কথা বলেন।


জ্বালানি বিভাগের সভায় প্রতিমন্ত্রী বলেন, দেশের কোথায় কী ধরনের খনিজ সম্পদ রয়েছে, তার একটি সমন্বিত ও আধুনিক তথ্যভিত্তিক মানচিত্র তৈরি করা জরুরি। বর্তমানে বিভিন্ন সংস্থার কাছে থাকা বিচ্ছিন্ন তথ্য, ব্লক ম্যাপ এবং ভূতাত্ত্বিক জরিপ একত্র করে একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরির নির্দেশনা দেন তিনি।


তিনি বলেন, ভূগর্ভস্থ সম্পদের অবস্থান ও সম্ভাবনার সঠিক তথ্য থাকলে বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় বাড়বে এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।


প্রতিমন্ত্রী আরও বলেন, সারা দেশে অঞ্চলভিত্তিক জ্বালানির চাহিদা ও সরবরাহের প্রকৃত চিত্র নিরূপণ করতে হবে। কোথায় কী ধরনের সমস্যা রয়েছে, তা দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে দেশের প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।


পরে বিদ্যুৎ বিভাগের অননুমোদিত প্রকল্প গ্রহণ ও অগ্রাধিকার নির্ধারণবিষয়ক আরেকটি সভায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন প্রকল্পের বিস্তারিত শুনেন। তিনি বলেন, প্রতিটি প্রকল্পের যৌক্তিকতা, জনকল্যাণে এর কার্যকারিতা এবং বাস্তব প্রয়োজন বিবেচনা করেই অগ্রাধিকার নির্ধারণ করতে হবে।


তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন, অতীতের মতো অপ্রয়োজনীয় প্রকল্পে জনগণের অর্থ ব্যয় করা যাবে না। প্রতিটি প্রকল্পের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত উপস্থাপন নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাতের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত বাস্তবায়নেরও নির্দেশ দেন।


সভায় বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখসহ বিদ্যুৎ বিভাগ এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।