শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
হোমজাতীয়আমিরাতের ভিসা-ভুক্তভোগীদের সহায়তায় হটলাইন চালু করবে সরকার

আমিরাতের ভিসা-ভুক্তভোগীদের সহায়তায় হটলাইন চালু করবে সরকার

favicon
ভোরের আলো ডেস্ক:
আমিরাতের ভিসা-ভুক্তভোগীদের সহায়তায় হটলাইন চালু করবে সরকার

সংযুক্ত আরব আমিরাতে ভিসা-সংক্রান্ত জটিলতায় পড়া বাংলাদেশিদের সহায়তায় বিশেষ হটলাইন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। দেশে ফিরে ভিসা বাতিলের শিকার হওয়া বা অন্যভাবে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সমস্যা শনাক্ত ও সমাধানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই উদ্যোগ বাস্তবায়ন করবে। একই সঙ্গে আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের জরুরি সহায়তার জন্যও পৃথক একটি হটলাইন চালু করা হবে।


বৃহস্পতিবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।


তিনি বলেন, হটলাইনের মাধ্যমে ভিসা-সংক্রান্ত সমস্যায় আক্রান্ত প্রবাসীদের তালিকা প্রস্তুত করা হবে এবং প্রয়োজন অনুযায়ী তাদের সহায়তা দেওয়া হবে। সরকার প্রবাসীদের স্বার্থ রক্ষায় আন্তরিকভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।


প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী প্রবাসীদের বিভিন্ন সমস্যা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে থাকেন। সাম্প্রতিক বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে ভিসা-সংক্রান্ত জটিলতা অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।


প্রবাসীদের উদ্দেশে নুরুল হক নুর সতর্কবার্তা দিয়ে বলেন, যুদ্ধ বা রাজনৈতিক অস্থিরতায় থাকা দেশগুলোকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের প্রচার বা মন্তব্য থেকে বিরত থাকা উচিত। কারণ, অনেক দেশে এ ধরনের কর্মকাণ্ড আইনত নিষিদ্ধ এবং এতে কর্মসংস্থান ও দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।


তিনি আরও বলেন, জাল নথিপত্র ব্যবহার বা জমা দেওয়ার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। বর্তমানে এ ধরনের অপরাধে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। ভবিষ্যতে প্রয়োজন হলে আইন আরও কঠোর করা হবে, যাতে বিদেশি অংশীদারদের কাছে বাংলাদেশের অবস্থান স্পষ্ট হয় এবং শ্রমবাজারে দেশের সুনাম অক্ষুণ্ন থাকে।