এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে চার সদস্যের কমিটি গঠন
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন দ্রুত ও সহজে নিষ্পত্তির লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২ আগস্ট) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতার সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি কার্যক্রম আরও কার্যকর ও সহজ করতে আবেদনকারীদের জমা দেওয়া প্রমাণপত্র যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী)। এছাড়া সদস্য হিসেবে থাকবেন উপপরিচালক (নিবন্ধন ও প্রবাসী), সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ ইউনিট) এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী পরিচালক (সংশোধন ও প্রতিস্থাপন)।
কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে—
* সংশোধনের বিভিন্ন ধরনের আবেদন শ্রেণিবিন্যাস করা এবং প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্রের তালিকা প্রণয়ন।
* অপর্যাপ্ত কাগজপত্রের কারণে বাতিল হওয়া ও পুনরায় দাখিল করা আবেদন নিষ্পত্তির বিষয়ে সুপারিশ দেওয়া।
* আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় করণীয় নির্ধারণ।
* সিএমএস পোর্টালে ইলেকট্রনিকভাবে আবেদন নিষ্পত্তির সময় দেখা দেওয়া জটিলতা দূর করতে প্রয়োজনীয় সফটওয়্যার বা পদ্ধতিগত পরিবর্তনের সুপারিশ করা।
* এনআইডি লক, আনলক ও রোলব্যাক সংক্রান্ত বিষয়ে যৌক্তিকতা নির্ধারণ করে সুপারিশ প্রদান।
নির্বাচন কমিশনের সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন।