ঢাকার চারপাশে ১১০ কিলোমিটার নৌপথে চালু হবে ওয়াটার বাস
রাজধানীর চারপাশে ১১০ কিলোমিটার নৌপথে ওয়াটার বাসসহ আধুনিক নৌপরিবহন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে বেসরকারি খাতকে সম্পৃক্ত করে দ্রুত কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
রোববার (২ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ উন্নয়নসংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী বলেন, রাজধানীকে ঘিরে থাকা চারটি নদীতে ওয়াটার বাস চালুর জন্য বেসরকারি খাতকে যুক্ত করা হবে। এ বিষয়ে দুই মাসের একটি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এ প্রকল্পে সম্পৃক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি জানান, আশুলিয়া থেকে সদরঘাট হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত নদীপথের একটি অংশ যাত্রীবান্ধব হওয়ায় সেখানে নৌপরিবহনের ভালো সম্ভাবনা রয়েছে।
নৌপরিবহনমন্ত্রী আরও বলেন, হাতিরঝিলে স্বল্প দূরত্বে ওয়াটার বাস চলাচল করে এবং যাত্রীর চাপও বেশি। সড়কে বড় ধরনের যানজট না থাকায় এ সেবা জনপ্রিয়তা পেয়েছে। তবে দেড় থেকে দুই ঘণ্টার দীর্ঘ নৌরুটে, যেখানে একই গন্তব্যে সড়কপথে ৩০ থেকে ৪০ মিনিটে পৌঁছানো যায়, সেখানে যাত্রীরা ওয়াটার বাস ব্যবহারে তুলনামূলক কম আগ্রহ দেখান।
সরকার রাজধানীর নৌপথকে আরও কার্যকর ও যাত্রীবান্ধব করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক নৌপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।