সৌদি প্রতিরক্ষা জোটে যোগ দিলেও ইরানের সঙ্গে সম্পর্ক অব্যাহত থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগদান হুতিদের চ্যালেঞ্জ মোকাবেলার অংশ। তবে এর অর্থ ইরানের সঙ্গে সম্পর্ক কমিয়ে দেওয়া বা তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়।
রোববার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ একই সময়ে ইরানের সঙ্গেও যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছে। তাই সৌদি নেতৃত্বাধীন জোটে অংশগ্রহণকে ইরানবিরোধী কোনো পদক্ষেপ হিসেবে দেখার সুযোগ নেই।
সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক শুধু হজ বা ওমরাহকে কেন্দ্র করে নয়; এটি একটি কৌশলগত সম্পর্ক। ভবিষ্যতে ঢাকা ও রিয়াদের মধ্যে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সৌদি আরব ইসলাম ধর্মের দুটি পবিত্র মসজিদ—মক্কা ও মদিনার রক্ষক। সে কারণে বাংলাদেশের সঙ্গে দেশটির একটি বিশেষ সম্পর্ক রয়েছে। সৌদি আরবের নিরাপত্তা সংশ্লিষ্ট যেকোনো সহযোগিতার প্রয়োজন হলে নৈতিক ও কৌশলগত বিবেচনায় বাংলাদেশ ইতিবাচকভাবে সাড়া দেবে।
এদিকে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে অগ্রগতি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানাবে।