সোমবার , ০৩ আগস্ট ২০২৬
সোমবার , ০৩ আগস্ট ২০২৬
হোমজাতীয়বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু: পররাষ্ট্র উপদেষ্টা

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু: পররাষ্ট্র উপদেষ্টা

favicon
ভোরের আলো ডেস্ক:
বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু: পররাষ্ট্র উপদেষ্টা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে সরকার। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।


রোববার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।


হুমায়ুন কবির বলেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানাবে।


দুবাইয়ে বেনজীর আহমেদের জামিনে মুক্তি পাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে তার কাছে সর্বশেষ তথ্য নেই। বিভিন্ন বৈঠকে ব্যস্ত থাকার কারণে তিনি হালনাগাদ পরিস্থিতি সম্পর্কে অবগত নন। এ বিষয়ে বিস্তারিত জানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের অপেক্ষা করার পরামর্শ দেন তিনি।


এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বাংলাদেশের অনুরোধে দুবাইয়ে আটক হওয়ার পর গত ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত শর্তসাপেক্ষে বেনজীর আহমেদের জামিন মঞ্জুর করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তিনি কারামুক্ত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।