আইওএমের সঙ্গে অভিবাসন সহযোগিতা আরও জোরদারের আহ্বান বাংলাদেশের
বাংলাদেশ নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নিয়মিত অভিবাসনের সুযোগ বৃদ্ধি এবং অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএমের উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলস। বৈঠকে অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষ জনশক্তি উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশন (জিসিএম)-এর চ্যাম্পিয়ন দেশ হিসেবে বাংলাদেশ জাতীয় কর্মপরিকল্পনার মাধ্যমে বৈশ্বিক অভিবাসন-সংক্রান্ত অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বাংলাদেশের উন্নয়ন ও মানবিক কার্যক্রমে দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসায় আইওএমকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণ, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, নৈতিক নিয়োগব্যবস্থা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে আইওএমের সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।
বৈঠকে স্বাস্থ্যসেবা, পরিচর্যা, কৃষিসহ বিভিন্ন খাতে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ট্যালেন্ট পার্টনারশিপ জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া নারী অভিবাসী কর্মীদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সহায়তা আরও শক্তিশালী করার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।