মঙ্গলবার , ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ০৪ আগস্ট ২০২৬
হোমজাতীয়দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে ল’ ফার্ম নিয়োগ দিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে ল’ ফার্ম নিয়োগ দিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে ল’ ফার্ম নিয়োগ দিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দুবাইয়ে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের লক্ষ্যে সরকার একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল’ ফার্ম) নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বেনজীর আহমেদকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে, যাতে তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে না পারেন। কেন আদালত তাকে জামিন দিয়েছে, সে বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনা করতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি ল’ ফার্ম নিয়োগ করা হয়েছে।


স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সরকারের ধারণা রয়েছে। বিষয়টি নিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।


নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্টকে কেন্দ্র করে দলটির দেশে উল্লেখযোগ্য কোনো কর্মকাণ্ড পরিচালনার সক্ষমতা নেই। তবে বিদেশ থেকে বিচ্ছিন্নভাবে কিছু তৎপরতার চেষ্টা করা হতে পারে বলে মন্তব্য করেন তিনি।


আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সম্প্রতি রথযাত্রা কিংবা মেট্রোরেল এলাকায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় জনসাধারণের আতঙ্কিত হওয়ার কারণ নেই। উগ্রবাদী গোষ্ঠী ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় তদন্ত চলছে বলেও জানান তিনি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফরকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সফর শেষে দেওয়া ব্রিফিংয়ে বর্তমান সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের আস্থার বিষয়টি তুলে ধরা হয়েছে।