জ্বালানি তেল আমদানিতে সবাই সমান সুযোগ পাবে: জ্বালানিমন্ত্রী
জ্বালানি তেল আমদানিতে নির্দিষ্ট কোনো কোম্পানিকে বিশেষ সুবিধা দেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। যোগ্য সব বেসরকারি প্রতিষ্ঠানকে সমান সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীতে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বেসরকারি বিনিয়োগ বাড়াতে জ্বালানি তেল আমদানি ও বিক্রির ক্ষেত্রে যোগ্য প্রতিষ্ঠানগুলোর জন্য সমান সুযোগ তৈরি করা হবে। এ লক্ষ্যে একটি অভিন্ন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে। পাশাপাশি কয়লাভিত্তিক নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। তবে এ ধরনের বিদ্যুৎকেন্দ্র নির্মাণে দাতা দেশগুলোর আপত্তি রয়েছে বলেও জানান তিনি।
নবায়নযোগ্য জ্বালানি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার বিষয়েও সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে আমলাতান্ত্রিক জটিলতার কারণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সময় বেশি লাগছে বলে মন্তব্য করেন তিনি।
জ্বালানি খাতে অর্থের ঘাটতি রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরবরাহ ব্যবস্থা সচল রাখতে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এলপিজির দাম স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজন অনুযায়ী হস্তক্ষেপ করবে। ব্যবসায়ীদের জন্য বাল্ক পরিমাণে এলপিজি সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, ল্যান্ডবেজড এলএনজি টার্মিনাল নির্মাণের জন্য কক্সবাজারের মাতারবাড়িতে জমি নির্ধারণ করা হয়েছে।