বুধবার , ২৬ আগস্ট ২০২৬
বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমজাতীয়মহানবীর শুভাগমনে সারা দুনিয়ায় রহমতের দ্বার উন্মোচিত হয়েছে: রিজভী

মহানবীর শুভাগমনে সারা দুনিয়ায় রহমতের দ্বার উন্মোচিত হয়েছে: রিজভী

favicon
ভোরের আলো ডেস্ক:
মহানবীর শুভাগমনে সারা দুনিয়ায় রহমতের দ্বার উন্মোচিত হয়েছে: রিজভী

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমনে সারা দুনিয়ায় রহমতের অবারিত দ্বার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।


মঙ্গলবার (২৫ আগস্ট) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।


রুহুল কবীর রিজভী বলেন, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীর দিনে বিশ্বজগতে সর্বশ্রেষ্ঠ মহামানবের আবির্ভাব ঘটে। সততা, নম্রতা, উদারতা ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং মহানবীর প্রদর্শিত পথে চলার জন্য এ দিনটি এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।


তিনি বলেন, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহর জন্য অসীম শান্তি ও অফুরন্ত কল্যাণ কামনা করছি। একই সঙ্গে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।


মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে বিশ্বমানবতার জন্য অসাধারণ আলোকবর্তিকা উল্লেখ করে রিজভী বলেন, তাঁর কালজয়ী মূল্যবোধ, মানবতা, সহমর্মিতা, উদারতা ও মানুষের প্রতি সহানুভূতি মানবজাতির জন্য চিরকালীন শিক্ষা হয়ে থাকবে।


তিনি আরও বলেন, কৈশোর থেকেই মহানবী (সা.) মিথ্যার বিরুদ্ধে ছিলেন অকুতোভয়। তিনি কখনো আমানতের খেয়ানত করেননি এবং অন্যের উপকার করাকে পরম কর্তব্য হিসেবে বিবেচনা করতেন।


রিজভী বলেন, আল্লাহ তায়ালা মহানবী (সা.)-এর ওপর পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন অবতীর্ণ করেন। মানবজাতির পথপ্রদর্শক হিসেবে আল-কোরআন ইহলৌকিক ও পরলৌকিক মুক্তির নির্দেশনা দেয় এবং মানুষকে পরিপূর্ণ ও মর্যাদাশীল হওয়ার শিক্ষা দেয়।


মহানবীর জীবন ও কর্ম অনুসরণের মাধ্যমে মুসলিমরা নিজেদের জীবনকে সুন্দর, শৃঙ্খলিত ও কল্যাণের পথে পরিচালিত করার পাশাপাশি মানবতা প্রতিষ্ঠা ও মানুষের মুক্তির জন্য অনুপ্রেরণা পেতে পারেন বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।